আসিফ আকবরের গাড়িতে গুলি, অটোরিকশায় এসে হামলা করেন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজন জড়িত বলে ধারণা করছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে অটোরিকশায় এসে ওই ব্যক্তি গুলি চালিয়ে পালিয়ে যান। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। তাঁর গাড়ির চালকও তখন গাড়ির কাছে ছিলেন না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঘটনার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালান। পরে তিনি আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান।

পুলিশ কর্মকর্তা বলেন, অটোরিকশাটিতে হামলাকারী ছাড়া আর কেউ ছিলেন কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

তিনি জানান, গাড়ির চালকের আসনের বরাবর পেছনের আসন লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়।

নিরাপত্তাকর্মীর কাছ থেকে খবর পান আসিফ

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর তাঁর স্টুডিওতে যান। সেখানে তাঁর কয়েকজন বন্ধুও ছিলেন। রাত ৩টার দিকে তাঁরা চলে যান।

শনিবার ভোরে গুলির শব্দ শুনে কাছাকাছি থাকা এক নিরাপত্তাকর্মী ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়িতে গুলির চিহ্ন দেখতে পেয়ে তিনি আসিফ আকবরকে বিষয়টি জানান। পরে নিচে নেমে গাড়ির অবস্থা দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন এই কণ্ঠশিল্পী।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফ আকবরের সঙ্গে কথা বলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কাউকে সন্দেহ করছেন না এবং ঘটনাস্থলে পুলিশকে কোনো অভিযোগের কথাও জানাননি।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ

উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ইতিমধ্যে একটি ফুটেজ পাওয়া গেছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তির শুধু পা দেখা গেছে। ওই ফুটেজের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, আসিফ আকবরের সঙ্গে তাঁর কার্যালয়ের কারও বিরোধ রয়েছে কি না, তাঁর বৈধ আগ্নেয়াস্ত্র আছে কি না বা নতুন করে অস্ত্রের আবেদন করেছেন কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি কুমিল্লায় স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা এবং কোনো রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হয়েছে।

তবে এখন পর্যন্ত গুলি চালানোর উদ্দেশ্য বা হামলাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।