ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৯৮৮


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২ জন, ঢাকা দক্ষিণে ১৪৯ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকার এলাকায় ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে ১৭০ জন। এ ছাড়া চট্টগ্রামে ১২৩, খুলনায় ১৬৩, ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯ এবং রংপুরে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি হিসাবে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে মোট ৪১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৮ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৭৪০ জন।