ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে আদালত রিট আবেদনগুলোও খারিজ করেন। ফলে আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায়ে এনবিআরের আইনগত বাধা থাকল না।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। পুনর্মূল্যায়নের পর এ কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট আবেদন করে।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। পরবর্তী সময়ে মামলাটির বিভিন্ন পর্যায়ে আদালতের আদেশ ও বেঞ্চ পরিবর্তন হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৪ অক্টোবর ড. ইউনূসের প্রতিষ্ঠানের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে দেওয়া আগের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন।

পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। শুনানি ও পুনর্মূল্যায়নের পর বৃহস্পতিবার নতুন বেঞ্চ রুল খারিজ করে রায় দেন।

আদালতের এ সিদ্ধান্তের ফলে ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি করা কর আদায়ের পথ তৈরি হলো।