ডাকসু থেকে তুলে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভেঙে ফেলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ‘ছি ছি জিন্নাহ’ বলতে বলতে ছবিটি ভেঙে ফেলছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সংস্কারকাজ শেষে রোববার ডাকসুর সংগ্রহশালা চালু করা হয়। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি রাখা হয়েছিল।

ছবিগুলোর মধ্যে একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) একটি অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে জিন্নাহ ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

জিন্নাহর ছবি সংগ্রহশালায় যুক্ত করার বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরদিনই দুপুরে সংগ্রহশালা থেকে ছবি তুলে ভেঙে ফেলার ঘটনা ঘটল।