ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৮৪


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন রোগী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫২ জন খুলনা বিভাগে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯০ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সঙ্গে প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ অব্যাহত রয়েছে।