বন্ধ থাকা সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) পুনঃগ্যাসীকৃত এলএনজি সরবরাহ শুরু হয়।

সামিট এলএনজি জানিয়েছে, ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে টার্মিনালের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ প্রায় ৫৫০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে।

এতে শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের সরবরাহ বাড়ার আশা করা হচ্ছে। ফলে চলমান গ্যাস সংকট কিছুটা কমার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সামিট জানিয়েছে, কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তারা কাজ করছে।