প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে জাপান সফরের বিষয়টি জানান আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’ পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনরত অবস্থায় হাস্যোজ্জ্বল একটি ছবিও যুক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সোমবার সকালে টোকিও পৌঁছানোর কথা

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।

চার দিনের এ সফরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।