সাংবাদিক এস এম মুন্না মিয়া আর নেই, মেরাদিয়ায় দাফন সম্পন্ন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য এস এম মুন্না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, মুন্না মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের (প্রেসার) সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে রাজধানীর ধানমন্ডির একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​রবিবার বাদ জোহর বনশ্রীর মেরাদিয়া ভুইয়াপাড়া বাইতুল ফালাহ (দারুস সালাম) জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মেরাদিয়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

​বর্ণাঢ্য পেশাগত জীবন:
অমর একুশে বইমেলা থেকে সংস্কৃতি অঙ্গনের সব ক্ষেত্রেই একজন সংবাদকর্মী হিসেবে মুন্না বিচরণ করে গেছেন। সহকর্মীদের কাছে হাসিখুশি এক প্রাণবন্ত মানুষ ছিলেন তিনি।
পেশাগত জীবনে এস এম মুন্না প্রধানত সংস্কৃতি বিটের একজন নিবেদিতপ্রাণ রিপোর্টার ছিলেন। মানবকণ্ঠের পাশাপাশি তিনি দৈনিক আমার দেশ, সমকাল, দেশবাংলা, নয়া শতাব্দীসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সক্রিয় সদস্য ছিলেন।

​বিভিন্ন সংগঠনের শোক:
সাংবাদিক এস এম মুন্না মিয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
​রবিবার এক শোকবার্তায় ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক বিবৃতিতে ঢাকা সাব-Aডিটরস কাউন্সিলও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

​সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সংস্কৃতি বিটের এই প্রাণবন্ত ও কর্মঠ সংবাদকর্মীর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।