বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩০ অক্টোবর অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি পূর্বমধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, অনুকূল পরিবেশ পেলে এটি ধাপে ধাপে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি শনিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রোববার (২৫ অক্টোবর) অতি গভীর নিম্নচাপ এবং সোমবার (২৬ অক্টোবর) সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী সময়ে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে। তবে এর গতিপথ, শক্তি ও স্থলভাগে আঘাতের সময় পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করবে।

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। ২৮ থেকে ৩০ অক্টোবর রাজ্যটির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া দপ্তর।

এ ছাড়া গভীর সমুদ্রে অবস্থানরত মৎস্যজীবীদের সোমবার (২৬ অক্টোবর) বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও তীব্রতা সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করা জরুরি।