দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।
ঢাকা বিভাগে সর্বোচ্চ রোগী ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬২৬ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২২৫ জন, বরিশালে ১৩৫, সিলেটে ১৩৩, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রংপুরে ৩৯ এবং রাজশাহী বিভাগে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সন্দেহজনক রোগী ২ লাখ ২১ হাজার ছাড়িয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৪০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হামে মৃত্যুর তুলনায় অনেক বেশি। ফলে রোগী শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি।
আপনার মতামত লিখুন :