সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও নতুন মন্ত্রিসভার অভিষেকের সময়সূচি নির্ধারিত হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ হবে, যেখানে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শনিবার সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের জোট ২১৪টি আসনে জয় পায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন, আর অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

নির্বাচন কমিশন শুক্রবার ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে এবং রাতেই গেজেট প্রকাশ করে। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই শপথ আয়োজনের বিধান রয়েছে। সামনে রোজা থাকায় শপথ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।