নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ। আবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে অনুসন্ধানের স্বার্থে মোতাছিম বিল্লাহর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানায় দুদক। আবেদনে তার পাসপোর্ট নম্বর উল্লেখ করে অনুসন্ধান চলাকালে দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন।
আপনার মতামত লিখুন :