ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট পদার্থবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার নাম ঘোষণা করেন।
ড. ওবায়দুল ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৯৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তী সময়ে অধ্যাপক পদে উন্নীত হন। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষাজীবনে তিনি গবেষণা ও একাডেমিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি একটি গবেষণাগ্রন্থের অধ্যায়ও রচনা করেছেন।
শিক্ষাজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন ড. ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)-এর সভাপতির দায়িত্বও পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
২০২৬ সালের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগ করলে ড. ওবায়দুল ইসলামকে বিশ্ববিদ্যালয়টির ৩১তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি দেশের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নতুন দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :