বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এ সময় সাতটি স্থান থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করে আসছিল একটি চক্র। সুযোগ বুঝে দিন ও রাতে এসব বালু চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও সোমাইয়া আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতটি পৃথক পয়েন্ট থেকে মজুদকৃত ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অভিযান শেষে ইউএনও সোমাইয়া আক্তার বলেন,
“লামায় যোগদানের পর অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :