গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে কারখানাটির হারবাল সেকশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট যুক্ত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন নেভানোর কাজে আরও ইউনিট যুক্ত করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :