ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার আটক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুমনকে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার অভিযান চলছে, বাড়তে পারে মৃতের সংখ্যা

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রিসোর্টটির সব কক্ষ তল্লাশি করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পর্যন্ত নিহত সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩), পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ এবং আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা (২৮)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত ছয়জন হাসপাতালে

অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধারকারী দল ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে এবং দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

লাইসেন্স ছিল না রিসোর্টের

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের কোনো লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধতা নেয়নি বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না এবং রিসোর্টটি কীভাবে লাইসেন্স ছাড়া পরিচালিত হচ্ছিল, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।