শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি দেখবেন যাত্রীরা, বসানো হলো ৩২ সিসিটিভি ক্যামেরা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৭:০২ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেবিচকের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং শেষ পর্যন্ত লাগেজ বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া মনিটরে সরাসরি দেখতে পারবেন যাত্রীরা। ফলে লাগেজ সংগ্রহের অপেক্ষায় থাকা যাত্রীরা তাদের ব্যাগের গতিবিধি সম্পর্কে ধারণা পাবেন এবং পুরো কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবেন।

বেবিচক আশা করছে, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি লাগেজ ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের উদ্বেগ ও ভোগান্তি কমাতেও এটি ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, যাত্রীদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রবাসী কর্মীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনার প্রক্রিয়া যাত্রীদের সামনে উন্মুক্ত করার এ উদ্যোগ সেবার মান উন্নয়ন এবং যাত্রীদের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।