দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ থাকার পর মারা গেছেন গিটারিস্ট রাসেল খান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেল খানের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহশিল্পী ও যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
কয়েক দিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় ভুগছিলেন রাসেল খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বনানীতে বড় বোনের বাসায় অবস্থান করছিলেন। অসুস্থতা কাটিয়ে আবারও গিটার হাতে মঞ্চে ফিরবেন—এমন প্রত্যাশার মধ্যেই তার মৃত্যুর খবর আসে।
তিন দশকের সংগীতজীবন
দেশের সংগীতাঙ্গনে রাসেল খান ছিলেন পরিচিত ও শ্রদ্ধেয় এক নাম। তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি দেশের প্রথম সারির বহু জনপ্রিয় ও কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন। স্টুডিওতে গান রেকর্ডিং থেকে শুরু করে সরাসরি মঞ্চ পরিবেশনা ও কনসার্ট—বিভিন্ন আয়োজনে গিটারের সুরে শিল্পীদের পরিবেশনাকে সমৃদ্ধ করেছেন তিনি।
মঞ্চে গায়কের পেছনে দাঁড়িয়ে গিটারের তারে সুর তোলার মধ্য দিয়েই নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন রাসেল খান। তার দক্ষ বাজনা বহু শিল্পীর গানে যোগ করেছে ভিন্ন মাত্রা, প্রাণবন্ত করেছে মঞ্চের পরিবেশনা।
তবে যন্ত্রসংগীতশিল্পী হিসেবেই সীমাবদ্ধ ছিলেন না রাসেল খান। নিজের কণ্ঠেও গান গেয়ে মাঝেমধ্যে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে তার কাজ ও অবদান সহশিল্পী এবং সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :