চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪, হাসপাতালে ভর্তি ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬০৫ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে।
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।
ঢাকা বিভাগের বাইরে ভর্তি বেশি
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬০৫ জন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এ ছাড়া খুলনা বিভাগে ২৯৭ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০১ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।
ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং মশার কামড় এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন জরুরি। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আপনার মতামত লিখুন :