হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,২১৪


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৩৫ জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।

দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং নতুন রোগী শনাক্তের ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে সিলেট বিভাগের তিনজন, ঢাকা বিভাগের দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১০ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ১ হাজার ১১০ জনের ক্ষেত্রে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ২৫ জনের হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।

হাম ও হামের উপসর্গে মৃত্যু এবং নতুন রোগীর সংখ্যা বাড়তে থাকায় আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা নিশ্চিত করা এবং সংক্রমণ প্রতিরোধে জনস্বাস্থ্যবিষয়ক নির্দেশনা মেনে চলা গুরুত্বপূর্ণ।