এইচএসসিতে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর জন্য বিশেষ সুযোগ, এক মাসেই ফের পরীক্ষা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। এবারের পরীক্ষায় এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা শুধু অকৃতকার্য বিষয় অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পান।

তবে নতুন উদ্যোগ কার্যকর হলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার জন্য পুরো এক বছর অপেক্ষা করতে হবে না। ফল প্রকাশের এক মাসের মধ্যেই শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় সাশ্রয় হবে। একই সঙ্গে দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও মানসিক চাপ থেকেও মুক্তি পাবেন তাঁরা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

গত ২ জুলাই এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর শেষ হয়।

এদিকে প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনের সুযোগ রাখা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এ আবেদন করা যাবে।