ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা দেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। তাই ১৯৭১, ৭ নভেম্বর এবং ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ শক্তি সেই গোষ্ঠীকে পরাজিত করেছিল।

শনিবার বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে উপস্থিত হন তারেক রহমান। এ সময় লাখো মানুষের উপস্থিতিতে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। পরে সমাবেশে বক্তব্য দেন তিনি।

বক্তব্য শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রা। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে রাস্তার পাশে ভিড় করেন উৎসুক মানুষ। বিশাল মিছিল, ব্যানার-ফেস্টুন এবং নেতাকর্মীদের স্লোগানে পুরো পল্টন এলাকা মুখর হয়ে ওঠে।