জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শনিবার শোভাযাত্রার আগে সকাল সাড়ে ৮টায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি। তার উদ্বোধনী বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
রিজভী জানান, ৫ নভেম্বর থেকে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দেশের অধিকাংশ জেলা ও মহানগরেও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানা কর্মসূচি পালন করবে। ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটির রাষ্ট্রীয় উদ্যাপন বন্ধ করে দিয়েছিল। বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘ বিরতির পর দিবসটি আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে পালিত হবে।
আপনার মতামত লিখুন :