সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। গতকাল রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত সাতজনের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কেও এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

প্রবাসের মাটিতে একই ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একই পরিবারের একাধিক সদস্য এবং এক মাসের শিশুর মৃত্যুতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।