নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‍্যালিতে তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র‍্যালির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। র‍্যালিতে নিজে পায়ে হেঁটে অংশ নিয়ে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে র‍্যালিটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় নেতাকর্মীদের হাতে শোভা পায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‍্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম ডা. জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনারসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২০ বছর পর এবার নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। তাদের দাবি, বিগত শাসনামলে দিবসটি নিয়ে অপপ্রচার ও ইতিহাস বিকৃতি করা হয়েছে। ফলে নতুন প্রজন্মের অনেকেই দিবসটির ঘটনা, প্রভাব ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে পর্যাপ্ত ধারণা পায়নি। এবার দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে দলটি।