যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬ ঢাকায় পৌঁছেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম।
বিমান কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় মেরামত, কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে শনিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের এই ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে ঢাকা থেকে প্রকৌশলী দল পাঠিয়ে ত্রুটি মেরামত করা হয়।
দীর্ঘ অপেক্ষার মধ্যে প্রায় ১০০ যাত্রীকে রোমের বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। অন্যদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়। অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী ও শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেল, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।
আপনার মতামত লিখুন :