রাষ্ট্রপতি নির্বাচনে ৩ ঘণ্টা ভোট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
<h5>রাষ্ট্রপতি নির্বাচনে ৩ ঘণ্টা ভোট</h5> <h3>রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে</h3>

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা থাকবে।

মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে তিনি সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় অংশ নেন।

ইসি সচিব জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংসদ সদস্য অনিবার্য কারণে ভোটকেন্দ্রে পৌঁছাতে দেরি করতে পারেন—এমন সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় রাখা হয়েছে।

যেভাবে ভোট দেবেন এমপিরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাররা অর্থাৎ সংসদ সদস্যরা অধিবেশন কক্ষেই নিজ নিজ আসনে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।

প্রতিটি ব্যালটে থাকবে দুটি অংশ—মুড়ি অংশ ও মূল ব্যালট। মুড়ি অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের ঘর থাকবে।

মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে তার পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট সংসদ সদস্য।

এ জন্য অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা যেকোনো একটি বাক্সে তাদের ব্যালট দিতে পারবেন।

ভোট গণনা হবে অধিবেশন কক্ষেই

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর অধিবেশন কক্ষের ভেতরেই ব্যালট বাক্স খুলে গণনা শুরু হবে। চার বা পাঁচ সদস্যের একটি ব্যালট গণনা দল ব্যালটগুলো যাচাই ও গণনার কাজ করবে।

মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ ও কতটি বাতিল হয়েছে এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন—তা অধিবেশন কক্ষেই ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

ইসি জানিয়েছে, ভোটগ্রহণের সময় সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান থাকবে এবং অধিবেশন কক্ষ থেকে ভোটের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুবিধাও রাখা হবে। নির্বাচন কমিশনের ২০ কর্মকর্তাকে বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। ফলে সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না।

ইসির তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রার্থী ঘোষণা করায় এবারের নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।