উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
গতকাল রাত ৯টা থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠেছে। সাগরে ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানান, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :