থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। একই ঘটনায় আহত হয়েছেন চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে তারা পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নাটকের কয়েকটি দৃশ্য পাহাড়ের ওপর ধারণ করার পর স্কুটিতে করে নিচে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন রনি। পাহাড় থেকে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাদের পাতায়ায় নেওয়া হয়।
খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও কষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার এক্স-রে করানোর কথা রয়েছে। শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিং করা সম্ভব নয় বলে জানান তিনি।
চিত্রগ্রাহক মেহেদী রনিও দুর্ঘটনায় আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশ ছড়ে গেছে। তারও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
দুর্ঘটনার কারণে তাদের শুটিং আপাতত বাতিল করা হয়েছে। কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন খায়রুল বাসার। ঈদের পর বিরতি কাটিয়ে সেখানে শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।
আপনার মতামত লিখুন :