দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। একই সময়ে নতুন ৯৯৪ জনসহ এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে।
আগের বছরগুলোর তুলনায় পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
আর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ওই বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
চলতি বছর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা এখনো আগের কয়েক বছরের তুলনায় কম হলেও বর্ষা মৌসুমে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :