সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন নামঞ্জুর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে করা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১-এর বিচারক মো. নুরুল ইসলামের আদালতে ডনের পক্ষে জামিনের শুনানি করেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।

এর আগে গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয় এবং ওইদিনই কারাগারে পাঠানো হয়। গত ১২ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

রিমান্ড শুনানি বৃহস্পতিবার

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। ডনের উপস্থিতিতে এ আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।

১৯৯৬ সালে সালমান শাহের মৃত্যু

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন।

পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। আদালতের নির্দেশে অপমৃত্যু ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্ত করে সিআইডি।

১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত ওই প্রতিবেদন গ্রহণ করেন। তবে সিআইডির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সালমানের বাবা রিভিশন মামলা করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এর পরদিন ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর।