হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে শিগগিরই সমঝোতা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দুই দেশের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রশাসন।

স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দ্রুত একটি চুক্তি হতে পারে। সমঝোতা কার্যকর হয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন হলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার করা হতে পারে বলেও জানান তিনি।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। পাঁচ মাস ধরে চলা সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার সম্ভাবনার কথা ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহে একাধিকবার জানিয়েছে। তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিয়মিত অস্বীকার করেছে। ফলে ইরান-ওমানের এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

হরমুজকে ঘিরে উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের হামলার কারণে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতেও আন্তর্জাতিক নৌ চলাচল ঝুঁকির মুখে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বৃহৎ জ্বালানি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) জানিয়েছে, সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় একজন ক্রু নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের উদ্বেগ কিছুটা কমতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।