কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৪:১১ অপরাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, বিএফআইইউর পাঠানো ই-মেইলে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী চাওয়া হয়েছে। তার নামে থাকা হিসাবগুলোর কেওয়াইসি ও স্টেটমেন্টের সফট কপিও দিতে বলা হয়েছে।

এ ছাড়া বিএফআইইউর পাঠানো এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে। চাওয়া তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে ব্যাংক হিসাবের তথ্য তলবের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বিএফআইইউর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, আর্থিক গোয়েন্দা সংস্থার জন্য এ ধরনের তথ্য চাওয়া নিয়মিত কার্যক্রমের অংশ হতে পারে এবং এর অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অপরাধ করেছেন—এমনটি নয়।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন। পরে তিনি জানান, সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। পুলিশও জানিয়েছে, ঘটনাটির পেছনে জমিজমা-সংক্রান্ত বিরোধ ছিল এবং চাঁদাবাজির ঘটনা ঘটেনি।

এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এরই মধ্যে বিএফআইইউর ব্যাংক হিসাব তলবের বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ-উর রহমান বলেছেন, সালমান মুক্তাদিরসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে তিনি আশা করেন।