দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬২০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন। এ ছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, খুলনা বিভাগে ২৪৮, রাজশাহী বিভাগে ২১১, বরিশাল বিভাগে ২১২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, রংপুর বিভাগে ৯৯, ময়মনসিংহ বিভাগে ১১০ এবং সিলেট বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ হাজার ৮৯০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :