সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে ভূমিকা রেখেছেন। এখন দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর সদর উপজেলার পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। বাংলাদেশ সবার। তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্বও সবার। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

খেটে খাওয়া মানুষের পাশে থাকার উদ্যোগ

তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

দুর্গাপূজায় সম্প্রীতি ও ঐক্যের বার্তা

শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি উৎসবের সময়। এ উপলক্ষে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হওয়া প্রয়োজন।

তিনি বলেন, স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে দেশকে স্বাধীন করেছেন। একইভাবে দেশের উন্নয়ন ও গঠনের কাজেও সবাইকে মিলেমিশে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।

পথসভা শেষে তারেক রহমান সড়কপথে রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা হন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।