গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা জরিমানা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খানকে বিভিন্ন ধারায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৯২৬ কোটি ৭৪ লাখ টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থ পাচারের দায়ে দুই আসামিকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ—৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাঁদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায়ে বলা হয়েছে, দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে আসামিদের মোট ১২ বছর কারাভোগ করতে হবে। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধ না করলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার কথাও রায়ে উল্লেখ করা হয়েছে।

আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার পটভূমি

দুদকের অভিযোগ অনুযায়ী, অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা পাচারের অভিযোগ ওঠে। এ অর্থের পরিমাণ ছিল ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার।

এ ঘটনায় ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ মামলা করেন। তদন্ত শেষে দুই আসামিকে অভিযুক্ত করে গত বছরের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত ৬ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।