শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। এতে দোকানপাট ও মার্কেট বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে এসেছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ওই সময় পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নির্দেশনায় আরও বলা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখতে হবে।
বিশেষ অনুমতির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের সময়সূচি কার্যকর হয়েছে। ফলে এখন থেকে রাত ৮টার মধ্যেই শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ করতে হবে।
আপনার মতামত লিখুন :