কক্সবাজারে পর্যটকদের আবাসিক হোটেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘দ্য সি প্রিসেন্স’ হোটেলে আগুন লাগলে সেখানে অবস্থানরত তিন শতাধিক পর্যটক নিরাপদে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে হোটেলের পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিকটবর্তী স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হোটেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, তাঁদের হোটেলে অগ্নিনির্বাপণের ব্যবস্থা রয়েছে। কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।
টুপটুপ রিসোর্টের আগুনের পর নতুন ঘটনা
এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহের মাথায় শহরের আরেকটি পর্যটন আবাসনে আগুন লাগার ঘটনা পর্যটনকেন্দ্রগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :