চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল।
একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি এবং ফল জানার উপায় সম্পর্কে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়নি। পরে ফল প্রকাশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানা যায়।
কেন পেছাল ফল প্রকাশ?
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে ফল প্রকাশের সময়সূচি নিয়ে জটিলতা তৈরি হয়।
সফরসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। এ কারণে ওই দিন সকালে ফল প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।
ফল জানার সময় ও পদ্ধতি
প্রচলিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। তবে এবার ফল প্রকাশের নির্দিষ্ট সময়, পদ্ধতি এবং অনলাইনে ফল জানার উপায় সম্পর্কে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা রয়েছে।
শিক্ষার্থীদের ফল জানতে শিক্ষা বোর্ডের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :