দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের পরিস্থিতি এতে তুলে ধরা হয়।
সন্দেহজনক হামে ৬, নিশ্চিত হামে একজনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে দেশে ১ হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এ রোগীদের সবাই ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন।
হাসপাতালে ভর্তি ১,১২৮ জন
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৪ জন।
চলতি বছরে মৃত্যু ১,১৪০
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।
একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। অর্থাৎ, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯০ জন।
আপনার মতামত লিখুন :