১৮৫ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষের প্রার্থী পেলেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোট ৯৬ হাজার ৪৫৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপির ফয়সল আমীন বিজয়ী


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, প্রকাশিত ফলাফল বেসরকারি।