আইইডিসিআর পরিচালকের ওপর হামলায় অভিযুক্ত ডা. জাহিদের শাস্তি দাবি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, শারীরিক নিগ্রহ ও অসদাচরণের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্বাস্থ্য খাতের একাধিক কর্মকর্তা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা।

অভিযুক্ত চিকিৎসক ডা. জাহিদ হাসান চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ-আইনবিষয়ক সম্পাদক। এ ঘটনায় তাঁর প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে শোকজ করেছে ড্যাব।

ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পরিচালক ডা. সৈয়দ আবু আহম্মদ শাফী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে স্বাস্থ্য বিভাগের ইতিহাসে বিরল বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, “আইইডিসিআরের পরিচালককে কর্তব্যরত অবস্থায় তাঁর অফিসকক্ষে ঢুকে শারীরিকভাবে আঘাত এবং অপদস্থ করা হয়, তা কোনোভাবেই ক্ষমার যোগ্য হতে পারে না।”

তিনি আরও বলেন, এমন ঘৃণ্য অপরাধ স্বাস্থ্য বিভাগের ইতিহাসে বিরল। এ ধরনের অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দলীয় পরিচয়ের কারণে কাউকে ক্ষমা করা হলে তা ফ্যাসিবাদী আমলের মতো জঘন্য বিশৃঙ্খলার সূচনা করবে বলে উল্লেখ করেন ডা. শাফী।

একটি প্রতিষ্ঠানের পরিচালকের সঙ্গে এমন আচরণ কর্মকর্তা-কর্মচারীদের স্তম্ভিত ও হতবাক করে এবং দিনশেষে নিরাশার অন্ধকারে ডুবিয়ে দেয় বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট মহাপরিচালক ও প্রশাসনের যথাযথ সিদ্ধান্তের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তাঁদের আস্থার জায়গাটি শক্তিশালী করা হবে বলে তিনি আশা করেন।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বেনজীর আহমেদও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি সরকারি দায়িত্ব পালনের সময় আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।
বেনজীর আহমেদ বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এ এস এম রিয়াজ উদ্দিন হায়দারও। তিনি ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, হামলায় জড়িতদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।