১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমেদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি জোটের পারস্পরিক রাজনৈতিক সমঝোতা ও পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং কর্নেল (অব.) অলি আহমেদসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের অন্যান্য নেতারা অংশ নেন।