হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও এতে থাকা সব কর্মী নিরাপদে আছেন। পরিবেশগত ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ আগস্ট) যুক্তরাজ্যের নৌ বাণিজ্যবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটিতে হামলা হয়। হামলার পর জাহাজটির ক্ষয়ক্ষতি সীমিত ছিল এবং নাবিকদের কেউ হতাহত হননি।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে কেন্দ্র করে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি ইতোমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করলেও বর্তমানে ঝুঁকির কারণে হাতে গোনা কয়েকটি জাহাজ সেখানে চলাচল করছে।

ইরান হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জলপথটিতে অবরোধ আরোপ করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাংকারেও হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে যেকোনো হামলা আন্তর্জাতিক তেল সরবরাহ ও বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা