ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দিনভর থেমে থেমে যান চলাচল করলেও বিকেলের পর পরিস্থিতির আরও অবনতি হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শনিবার (২৯ আগস্ট) সকালেও মহাসড়কের ওই অংশে যানবাহন প্রায় স্থবির হয়ে ছিল। এতে দূরপাল্লার বাসযাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে।

যানজটে আটকে থাকা যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া এক যাত্রী বলেন, সন্ধ্যায় যাত্রা করেও রাত সাড়ে ১১টা পর্যন্ত দাউদকান্দিতে পৌঁছাতে পারেননি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাঢ়িয়ার চর এলাকায় দুই লেনের একটি লেনে সড়ক বিভাগের সংস্কারকাজ চলছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক দল বিভিন্ন পয়েন্টে কাজ করছে।

সড়ক বিভাগ দ্রুত সংস্কারকাজ শেষ করার চেষ্টা করছে। কাজ শেষ হলে যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।