রাজধানীর অভিজাত ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিদায়ী সভাপতি শামীম হোসেনকে ৫৮৪ ভোটের বড় ব্যবধানে পরাজিত করে ক্লাবের নেতৃত্ব নিজের করে নেন তিনি।
এবারের নির্বাচনে ৩ হাজার ৫১৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৩৯ দশমিক ০৬ শতাংশ। সভাপতি পদের বাতিল হওয়া ৫টি ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩৬৮টিতে। এর মধ্যে বিজয়ী প্রার্থী আলতামাশ কবির একাই পান ৯৭৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ৭১ দশমিক ৩ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি শামীম হোসেন পান ৩৯২ ভোট। গত ২০২৫ সালের নির্বাচনে শামীম হোসেন ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন এবং আলতামাশ কবির ৪৯৫ ভোট পেয়ে পরাজিত হন। তবে মাত্র এক বছরের ব্যবধানে বিপুল জনসমর্থন নিজের পক্ষে এনে তিনি এই অবিস্মরণীয় জয় অর্জন করলেন।
সভাপতি পদের পাশাপাশি ক্লাবের ১০টি পরিচালক পদের নির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ১৬ জন প্রার্থীর মধ্য থেকে ১ হাজার ৫৩ ভোট পেয়ে পছন্দের তালিকার শীর্ষে থেকে পরিচালক নির্বাচিত হন তারেক আহমেদ আদেল।
পরিচালনা পর্ষদের বাকি ৯টি পদে বিজয়ীরা হলেন যথাক্রমে ওসামা তাসীর (১,০১২ ভোট), তানভীর আজিজ খান (১,০০৩ ভোট), জাহাঙ্গীর চৌধুরী (৯৯২ ভোট), এস এম হাফিজ আল আশাদ (৯৫৫ ভোট), নাজমা আক্তার (৯৩৭ ভোট), মো. আমিনুল হক (৯৩৭ ভোট), আম্বারীন ইসলাম (৮৭৮ ভোট), আব্দুর রহমান (৮২৯ ভোট) এবং রাব্বানি জব্বার (৮২৫ ভোট)। অন্যদিকে পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে হেরে যান মাহমুদুর রহমান (৭৬৭ ভোট), নায়ীম মো. কাইয়ুম (৬৪৮ ভোট), আমিনুর রেজা খান (৬৩৮ ভোট), তানভীর আহমেদ মিকি (৬০৫ ভোট), ইসরাত হেলাল (৫৮৯ ভোট) এবং তুহিন রেজা (৫৭২ ভোট)। পরিচালনা পর্ষদের নির্বাচন প্রক্রিয়ায় মোট ১ হাজার ৩২৪টি ভোট বৈধ হিসেবে গণ্য হয় এবং ৪৯টি ভোট বাতিল বলে চিহ্নিত করা হয়।
উল্লেখ্য, ১৯১১ সালে ব্রিটিশ শাসনামলে উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তাদের বিনোদন ও সামাজিক নিরাপত্তার তাগিদে প্রতিষ্ঠিত ঢাকা ক্লাব দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী সামাজিক সংগঠন। রাজধানীর রমনা এলাকায় পাঁচ একর জমিতে বিস্তৃত এই ক্লাবটি দীর্ঘকাল ধরে আভিজাত্য ও নিজস্ব ঐতিহ্যের ধারক হয়ে আছে।
আপনার মতামত লিখুন :