৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৮:১২ অপরাহ্ন

২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেওয়া প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে অমর একুশে বইমেলা ২০২৭।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এ বইমেলা দেশের লেখক, প্রকাশক ও পাঠকদের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন। প্রতিবছর নতুন বই প্রকাশ, লেখক-পাঠকের সরাসরি যোগাযোগ এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে কেন্দ্র করে বইমেলাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়।