সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চালানো দুটি পৃথক ড্রোন হামলা নস্যাৎ করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ড্রোন দুটি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ছুড়েছিল বলে দাবি করেছে জোট।
সংবাদসূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ড্রোনটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় এলাকার দিকে এগিয়ে আসার সময় শনাক্ত করা হয়। পরে সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। এর কিছুক্ষণ পর দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দ্বিতীয় ড্রোনটিও প্রতিহত করে সৌদি প্রতিরক্ষা বাহিনী।
সৌদি জোট জানিয়েছে, এসব হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি কোনো ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
পরপর দুটি ড্রোন হামলার চেষ্টা ঘিরে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য হামলা মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংবাদসূত্রে উল্লেখ করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
আপনার মতামত লিখুন :