বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একাধিক সাংবাদিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডিনিউজে যোগ দেওয়ার আগে দেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন তিনি। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা, লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই দীর্ঘ অভিজ্ঞতা ছিল খালিদীর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সাংবাদিকতা করেছেন।
২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে ওই বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। তৎকালীন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তৌফিক ইমরোজ খালিদীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি দেশের অনলাইন সংবাদমাধ্যমের অন্যতম পরিচিত প্ল্যাটফর্মে পরিণত হয়।
তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতা, জানাজা ও দাফনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আপনার মতামত লিখুন :