ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সেটির ওপর উঠে যায়।

এতে অটোরিকশায় থাকা সাতজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ ও বাসটির চালকের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্টরা।